নঈম নিজামের বক্তব্য সরাসরি শুনতে চায় সম্পাদক পরিষদ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০০:০৯

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সরাসরি বক্তব্য শুনতে চায় সংগঠনটি। গত ২৭ জুলাই নঈম নিজামের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার একতরফা সিদ্ধান্তের প্রকাশ্য ঘোষণায় সম্পাদক পরিষদে সংকট তৈরি হয়েছে বলেও মনে করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকালে পরিষদ সদস্যদের জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি মাহফুজ আনাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। 

সংগঠনের ঐক্যের বৃহত্তর স্বার্থে নঈম নিজামের কাছ থেকে সরাসরি তার অভিযোগ শুনতে চায় পরিষদ। আগামী ৩১ জুলাই তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে। শিগিগরই অনুষ্ঠেয় পরিষদের পরবর্তী সভায় তাকে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। সভায় নেওয়া সিদ্ধান্ত নঈম নিজামকে ব্যক্তিগতভাবে জানাতে এবং পরবর্তী সভায় উপস্থিত থাকার অনুরোধ করতে পরিষদের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দীন আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে রিয়াজ উদ্দীন আহমেদকে তার ওপর অর্পিত দায়িত্বের অগ্রগতি পরিষদ সভাপতিকে জানাতে অনুরোধ করা হয়েছে। নঈম নিজাম ২৭ জুলাই সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।