ফরিদপুর-গোপালগঞ্জ সড়কে ধস

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:১৯

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের শশা ব্রিজ সংলগ্ন ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের কিছু অংশ বৃহস্পতিবার ধসে পড়েছে। সড়ক ধসে যাওয়ায় ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। করোনা মহামারি মোকাবিলায় চলছে লকডাউন। এরই মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক-ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি এ সড়ক দিয়ে চলাচল করছে। এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়। শশা ব্রিজ সংলগ্ন ঐ সড়কের পাশে প্যালাসাইডিং না থাকায় এবং দীর্ঘদিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে সড়কের কিছু অংশ ধসে গেছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা সদর হয়ে চলে গেছে ঢাকা-খুলনা বিশ্বরোডে। এছাড়া নগরকান্দা সদর থেকে ঢাকা-খুলনা বিশ্বরোডের জয়বাংলা মোড় হয়ে ঢাকা ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।

স্থানীয়রা জানান, নির্মাণকাজ যথাযথভাবে না হওয়ায়, বিভিন্ন স্থানে সড়ক ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। এসব সমস্যা দেখার বা সমাধান করার জন্য কেউ নেই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, ফরিদপুর-গোপালগঞ্জ সড়কের নগরকান্দা উপজেলার শশা ব্রিজ সংলগ্ন কিছু অংশ ধসে যাওয়ার খবর পেয়েছি। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে খুব দ্রুত ধসে যাওয়া সড়ক মেরামত করা হবে।