তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
তাড়াশে কচুরিপানা আবাদি জমির মধ্যে ঢুকে পড়ছে। ফলে আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ জলজ উদ্ভিদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। ছাচানদীঘি গ্রামের কৃষক রমিজুল ইসলাম, আব্দুস সবুর, বারুহাস গ্রামের কৃষক জমির মণ্ডল, উলিপুর গ্রামের কৃষক খয়বার আলীসহ অনেকে বলেন, কচুরিপানা বিভিন্ন খাল ও ডোবা-নালা থেকে ধীরে ধীরে জমিতে ঢুকে পড়ছে। এতে বোনা আমন ধান পচে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা লুত্ফুননাহার লুনা বলেন, এটা মূলত স্থানীয় সমস্যা। কৃষকদের উচিত নিজ নিজ এলাকা বিশেষ করে আবাদি জমির কচুরিপানা অল্প থাকতেই সরিয়ে নির্দিষ্ট স্থানে জড়ো করে রাখা।
