বরিশালে বাসদের ‘কমিউনিটি কিচেন’ চালু

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৩

বরিশাল অফিস

কঠোর লকডাউনে কর্মহীনদের জন্য বরিশাল নগরীতে খাদ্য সরবরাহ কার্যক্রম ‘কমিউনিটি কিচেন’ চালু হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নগরীর বাটারগলিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন আহ্বায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। ডা. মনিষা চক্রবর্তী বলেন, চলমান কঠোরতম লকডাউনে কর্মহীন, অসহায় ও দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিতে এই কার্যক্রম শুরু করেছি। যা পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডের অসহায়দের ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া আরও দুই শতাধিক ভবঘুরে ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এই কঠোরতম লকডাউনের সময়সীমা বাড়ানো হলে কমিউনিটি কিচেনের কার্যক্রম সেই সময়ও অব্যাহত থাকবে। বাসদ জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন বলেন, রান্না করা খাবার বিতরণ কার্যক্রমে ২৫ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে প্রতিদিন নগরীর তিনটি ওয়ার্ডের ছয় শতাধিক ঘরে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে।