নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ডালিম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহাকাল মাঠের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডালিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার মহাকাল মাঠের তিন রাস্তার মোড়ের চেকপোস্টে ব্যাটারিচালিত ভ্যানকে থামানোর সংকেত দেন। এ সময় ভ্যান থেকে নেমে ডালিম হোসেন পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। শরীরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মামলা দায়ের শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
