সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৪

মোরেলগঞ্জে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লিমন মোল্লা নামের ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিশুটির লাশ তার বাড়ির অদূরে একটি ডোবায় পাওয়া যায়। নিহত লিমন দোনা গ্রামের ব্যবসায়ী ইমন মোল্লার ছেলে। ইমন ৭০ নং এপি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র ছিল। বাবা ইমন মোল্লা বলেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। লিমন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে বাড়ির পাশের ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। দ্রুত মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, শিশুটির লাশ থানায় নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁয় পর্নোগাফি ভিডিও সরবরাহকারী পাঁচ জন আটক

নওগাঁ প্রতিনিধি ও ধামইরহাট সংবাদদাতা নওগাঁর ধামইরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী পাঁচ জনকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—ধামইরহাট উপজেলার জাহানপুর দক্ষিণপাড়া গ্রামের বিপ্লব হোসেন, নানাইচ গ্রামের সুমিত মহন্ত, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার উত্তর পেচুলিয়া গ্রামের আলমগীর হোসেন, তুহিন হোসেন ও দক্ষিণ পেচুলিয়া গ্রামের দেলোয়ার হোসেন। র্যাব ক্যাম্প-৫, জয়পুরহাট কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি তাহমিন তৌকির বলেন, গোপন সংবাদে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এ সময় অফিস কক্ষ থেকে চারটি সিপিও, ১১টি হার্ড ডিস্ক, চারটি মনিটর, আটটি মাউস ও ১২টি বিভিন্ন ক্যাবল জব্দ করা হয়। সেই সঙ্গে ঐ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে।

আয়কর রিটার্ন-বিষয়ক ওয়েবিনার

বরিশাল অফিস আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমকে সহজ করতে বরিশালে আয়কর রিটার্ন-বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের আয়কর কমিশনার মোহাম্মদ মোস্তফা।

করোনায় কর্মহীনদের মধ্যে খাদ্যসহায়তা

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে করোনায় কর্মহীন অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৯ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের উদ্যোগে রংপুর জেলা স্কুল মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় রংপুর সেনানিবাসের ৯ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম, ক্যাপ্টেন সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের পাঁচ উপজেলার করোনা আক্রান্তদের জন্য পাঁচটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে আমেরিকা প্রবাসী পঞ্চগড় কল্যাণ সমিতি নিউইয়র্ক। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের কাছে এসব অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসক এসব অক্সিজেন কনসেন্ট্রেটর সিভিল সার্জন ডা. মো. ফজলার রহমানের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাটমোহরে ত্রাণসামগ্রী বিতরণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা করোনায় কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে মথুরপুর ইউনিয়নে ও শুক্রবার সকালে বিলচলন ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। মথুরাপুর খেলার মাঠে ও বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম।

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে শুক্রবার স্বাস্থ্যকর্মীদের জন্য সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে। কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যকর্মীদের জন্য এসব হস্তান্তর করেন সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।