‘নকশীকাঁথা’র নতুন গান ‘তোর জন্য’

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২১:২৭

বিনোদন রিপোর্ট

 

আগামীকাল বন্ধু দিবসে প্রকাশ পাচ্ছে ‘নকশীকাঁথা’ ব্যান্ডের নতুন গান ‘তোর জন্য। গানটি লিখেছেন, সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডটির প্রধান সাজেদ ফাতেমী। তিনি জানান, নকশীকাঁথা ব্যান্ডের প্রচলিত ধারা থেকে বেরিয়ে টেকনো বিটের ওপর রক ঘরানার গানটি করেছেন তারা। গানটির কম্পোজিশন, ভিডিওগ্রাফি ও সম্পাদনা করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য রোমেল হাসান।

সাজেদ ফাতেমী বলেন, ‘সব বয়সী মানুষের বন্ধুতার রঙ মোটামুটি একই রকমের। সেই রঙগুলো তুলে আনার চেষ্টা করেছি আমাদের গানে। আশা করঠি সবাই তাদের পারস্পরিক বন্ধুতার অনুভূতিগুলো খুঁজে পাবেন গানটিতে।’

উল্লেখ্য, ২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নকশীকাঁথা। শুরু থেকে তারা নানা অসঙ্গতি নিয়ে গান গেয়ে আসছে। ২০০৮ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ও ২০১৬ সালে দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ প্রকাশ হয়। এছাড়া বিভিন্ন সময়ে একক গানসহ এ পর্যন্ত ব্যান্ডটির প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে।