বিনোদন ডেস্ক
বর্তমানে ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন বলিউড তারকা শ্রদ্ধা কাপুর। পাশাপাশি তার হাতে রয়েছে ‘নাগিন’সহ একাধিক সিনেমার কাজ। জানা গেছে, আগের সিনেমাগুলোর চেয়ে অনেকটাই আলাদা হবে নাগিনের এই সিক্যুয়েলটি। তবে নতুন এই সিনেমাটিতে শ্রদ্ধার অন্তর্ভুক্তি তার ভক্তরা সাদরে গ্রহণ করলেও অনেকে এ নিয়ে বিরূপ মন্তব্য করছেন। অনেকেই মনে করছেন যোগ্যতা অনুযায়ী শ্রদ্ধা কাস্ট হননি। চরিত্রটি তিনি সঠিকভাবে তুলে ধরতে পারবেন কি-না এ নিয়েও সংশয় প্রকাশ করেছেন। সিনেমাটির নির্মাতা এ প্রসঙ্গে বলেন, ‘গল্পের প্রয়োজনে একজন সুন্দর, লাজুক, নিষ্ঠাবান অভিনেত্রী খুঁজছিলাম। শ্রদ্ধার ভেতর সেই গুণগুলো রয়েছে বলেই তাকে কাস্ট করেছি। করোনার কারণে সিনেমাটির শুটিং শুরু করতে বিলম্ব হলেও আমামীবছরের শুরুতেই শুটিংফ্লোরে গড়াবে। কেন শ্রদ্ধাকে নেওয়া হয়েছে সেই জবাব সিনেমাটি মুক্তির পরই দর্শক-সমালোচকরা বুঝতে পারবেন।’ সিনেমাটির শুটিং শেষ হলে হলের পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও মুক্তির চিন্তা-ভাবনা রয়েছে বলে জানান নির্মাতা। এমন সমালোচনার জবাবে শ্রদ্ধা ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি অনেক বুঝে-শুনে ধীর গতিতে ক্যারিয়ারে পথ চলছি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি। প্রতিটি সিনেমায় নিজেকে ভাঙার চেষ্টা করেছি, যা বরাবরই প্রশংসিত হয়েছে। তাছাড়া নিজে থেকে কোথাও কাজ খুঁজে বেড়াইনি কখানো। চরিত্রের প্রয়োজনে নির্মাতা-প্রযোজকরা আমাকে কাস্ট করেছেন। আমি তাদের ভরসার প্রতিদান দিয়েছি। এই সিনেমাটিতেও যোগ্যতা প্রমাণ করে সুযোগ পেয়েছি। অপেক্ষা করুন, সমালোচনার জবাব কাজ দিয়েই দিতে চাই। কারণ যোগ্যতার প্রমাণ সমালোচনায় নয়, কাজ দিয়েই দিতে হয়।’
