ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
দুর্যোগ সাময়িক একটি বিপদ, তাই দুর্যোগে সাহস হারাবেন না। যে কোনো দুর্যোগে সব সময় আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যেও বুকে সাহস নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই নির্দেশনায় যে কোনো দুর্যোগে সব ধরনের সাহায্য-সহযোগিতা নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। গত ২৮ জুলাই বুধবার গভীর রাতে এক মিনিটের ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের সবাইকে নগদ ৬ হাজার টাকা, দুই বান্ডিল টেউটিন, ১০ কেজি চাল ও এক বস্তা শুকনা খাবারের ব্যবস্থা করা হলো। আগামীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে যতদিন ক্ষতিগ্রস্তরা ঘর নির্মাণ করতে না পারবেন তাদের জন্য অস্থায়ী থাকার ক্যাম্প তৈরি করা হবে। আপনারা সাহস হারাবেন না, যে কোনো প্রয়োজনে প্রশাসনের কাছে আসবেন। করোনা পরিস্থিতি ফরিদপুরে চরম পর্যায় পৌঁছে গেছে। তাই সবাই সরকারের নির্দেশ মেনে চলুন।
শুক্রবার বিকালে উপজেলার চুমুরদী ইউনিয়নের হরিখোলা মন্দিরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ সময় আরো উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু প্রমুখ।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন খান বলেন, ‘ঘূর্ণিঝড়ের ফলে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রথম দিনে আমরা তাদের আর্থিক সাহায্য ও চাল বিতরণ করেছি। আজ মাননীয় এমপিকে সঙ্গে নিয়ে ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন প্রকল্প থেকে তাদের ঘর তুলে দেওয়ার জন্য টিন, নগদ টাকা ও খাবার বিতরণ করি। অসহায় প্রতিটি পরিবারের পাশে আমরা সর্বদা আছি।’
