দুই পুলিশ সদস্য প্রত্যাহার
নাটোর প্রতিনিধি
নাটোর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে অটোভ্যান চুরি মামলার আসামি পালিয়ে যাওয়া পর গ্রেফতার এবং দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া আসামি মনিরুল ইসলামকে নাটোর বাগাতিপাড়া উপজেলার ছলিমপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বৃহস্পতিবার বিকালে লালপুর থানা থেকে নাটোর কোর্ট হাজতখানায় নেওয়ার সময় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে অটোভ্যান চুরি মামলার আসামি মনিরুল ইসলাম হাতকড়া খুলে লালপুর থানার দুই পুলিশ সদস্য রায়হান হোসেন ও আকরাম হোসেনের কাছ থেকে পালিয়ে যায়।
পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও র্যাব সদস্যরা রাতভর অভিযান চালিয়ে বাগাতিপাড়ার ছলিমপুর থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য রায়হান হোসেন ও আকরাম হোসেনকে লালপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
