চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বৈধ বা অবৈধ যাই হোক পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ আবাসন, বসতি থাকতে দেওয়া হবে না। বসতি স্থাপনকারীদের জানমাল রক্ষায় এসব বসতি ও স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে নগরীর লালখান বাজার শাহ গরিব উল্লাহ হাউজিং সোসাইটি ও কুসুমবাগ হাউজিং সোসাইটিতে ভারী বর্ষণে পাহাড়ধস-কবলিত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীর পাহাড়গুলো বেলে মাটির। নির্বিচারে পাহাড়ের গাছপালা নিধন এবং ভূমি কর্তনের ফলে এগুলো অরক্ষিত ও নড়বড়ে হয়ে পড়েছে। তাই ভারী বর্ষায় অব্যাহত ঢলে প্রতিনিয়ত ভেঙে পড়ে। তিনি পাহাড় ধস রোধে নগরীর সব পাহাড়ের গায়ে পরিকল্পিত রিটেইনিং দেয়াল নির্মাণের প্রস্তাব পেশ করে বলেন, এতে পাহাড়ের সুরক্ষা হবে। মেয়র এসময় রিটেইনিং ওয়াল ছাড়া পাহাড়ের গায়ে কোনো আবাসন ও স্থাপনা নির্মাণের নকশা অনুমোদন না করার জন্য সিডিএর প্রতি অনুরোধ জানান।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, চসিক সচিব খালেদ মাহমুদ, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
