মেরামতের জন্য এক লেন চার দিন বন্ধ ঘোষণা
ইত্তেফাক রিপোর্ট
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সালেহপুর সেতুতে আবারও ফাটল দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে সেতুটির ঢাকামুখী লেনটি দিয়ে আগামী চার দিন যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে সেতুটির মেরামত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে ঢাকামুখী লেন বন্ধ থাকায় শুধু আরিচামুখী লেন দিয়ে উভয় পাশের যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে।
সাভার ট্রাফিক পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর সেতুতে ফাটল দেখা যাওয়ায় শুক্রবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত কাজ শুরু করেন। মেরামত চলবে আগামী চার দিন।
সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় প্রকৌশলী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সালেহপুর সেতুতে ফাটল দেখা দেওয়ায় শুক্রবার ভোর ৬টা থেকে একটি লেনে মেরামতের কাজ শুরু হয়েছে। এটা আমাদের রুটিন কাজ, যা শেষ হতে মোট চার দিন সময় লাগবে। এ জন্য সেতুটির আরিচামুখী লেন দিয়েই দুটি লেনের গাড়ি পারাপার হচ্ছে। তবে লকডাউনের কারণে গাড়ি বন্ধ থাকায় তেমন কোনো যানজট নেই। এছাড়া সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দ্বিতীয় সালেহপুর সেতুর নির্মাণকাজও চলমান রয়েছে।
