আড়াইহাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কবরস্থানে পলিথিনে মোড়ানে ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোপিন্দী বড় বিনাইরচর কবরস্থানে বোমাগুলো দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা ।
উজান গোপিন্দী বড় কবরস্থানের খাদেম চান শরীফ জানান, সকালবেলা কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি কবরে রেইনকোট পলিথিনে মোড়ানো দেখতে পাই। পরে আমি গিয়ে পলিথিন খুলে দেখি বোমার মতো কয়েকটি বস্তু। পরে কমিটির লোকদের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বোমা সন্দেহে ঐ স্থানটি ঘিরে রাখে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি কবরস্থানে বোমা পাওয়া গেছে। পরে সেটা বোমা কি না, যাচাই করতে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে খবর দেওয়া হয়। পরে তারা এসে শুক্রবার বিকাল ৫টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করে। বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠে। এ সময় আশপাশের লোকদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ডাকাতির কাজে ব্যবহার করার জন্য এগুলো এখানে ডাকাত দল রেখেছে।
