জবি সংবাদদাতা
সেশনজট কমাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থগিত হয়ে যাওয়া সব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা অনুসন্ধান এবং কীভাবে অনলাইন প্ল্যাটফরমের মাধ্যমে পরীক্ষা নেওয়া যায়, তার সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামানকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং অ্যান্ড আইটি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. উজ্জল কুমার আচার্য্যকে সদস্য সচিব করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কমিটিতে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আককাস, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল বাকী, শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিনকে সদস্য করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কি না এবং কীভাবে নেওয়া যাবে তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
