কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কাপাসিয়ায় অপরিকল্পিত খাল খননের কারণে চলতি বর্ষায় অর্ধশতাধিক বসতবাড়ি, পাকা রাস্তা ও কবরস্থান হুমকির মুখে পড়েছে। যে কোনো সময় খালের পাড় ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে গৃহহারা হওয়ার ভয়ে রয়েছেন খাল পাড়ের মানুষ। আতঙ্কে দিন কাটছে অনেক পরিবারের।
কাপাসিয়া উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া হতে তরগাঁও ইউনিয়নের ধলাগড় খাল এবং কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া হতে কাটাখালী-ধলাগড় পর্যন্ত প্রবাহিত খাল সম্প্রতি পুনঃখননের কাজ শুরু হয়।
জাইকার অর্থায়ন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ প্রকল্পের অধীনে খাল পুনঃখনন করা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয় উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তালিকাভুক্ত স্থানীয় একটি সমিতিকে।
