স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভেঙেছিলেন কুশল মেন্ডিস, দানুশকা গুণাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা। ঘটনার পর তাত্ক্ষণিকভাবে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। ঐ ঘটনার জের ধরে বড়সড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিন ক্রিকেটার। তাদের জন্য অপেক্ষা করছে বড় শাস্তি। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, মেন্ডিস ও গুনাথিলাকাকে দুই বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। উইকেটকিপার-ব্যাটসম্যান ডিকওয়েলার জন্য ১৮ মাসের শাস্তির সুপারিশ করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে গতকাল মিটিং করার কথা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটির। সেখানেই শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে তদন্ত কমিটির সুপারিশ বোর্ড অনুসরণ করবে কিনা, তা নিশ্চিত নয়।
মেন্ডিস ও গুণাথিলাকার ক্ষেত্রে অতীতে শৃঙ্খলা ভঙ্গের ঘটনাকে গুরুত্ব দিয়ে শাস্তির সুপারিশ করা হয়েছে। গত বছর জুলাইয়ে ৭৪ বছর বয়সি এক পথচারী নিহত হন মেন্ডিসের গাড়ির ধাক্কায়। ২০১৮ সালে কলম্বোয় কারফিউ ভেঙে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন গুণাথিলাকা।
