নতুন টিকা গ্রহীতাদের ১০০ ডলার দেওয়ার আহ্বান বাইডেনের

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:০২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিকা প্রদানের সংখ্যা বাড়াতে নতুন টিকা গ্রহীতাদের ১০০ ডলার করে প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে টিকা গ্রহণের হার বাড়াতেও তিনি নতুন নীতির কথা উল্লেখ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন নতুন নীতির কথা জানান। খবর বিবিসির

যুক্তরাষ্ট্রে প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী। কিন্তু তাদের মধ্যে টিকা গ্রহীতাদের হার কম। যুক্তরাষ্ট্রে অর্ধেকেরও কম মানুষ টিকা গ্রহণ করেছেন। যেসব এলাকায় টিকাদানের হার কম সেখানে ডেলটা সংক্রমণের হারও বাড়ছে। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে, না হলে তাদেরকে নিয়মিত করোনা পরীক্ষা এবং মাস্ক পরতে হবে। তিনি বলেন, যেসব মানুষের মরার কথা না, তারাই মরছে এবং মরবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, টিকা গ্রহীতারা মনে করতে পারেন যে নতুন টিকা নেওয়া নাগরিকদের অর্থ প্রদান করাটা ঠিক নয়। তবে এর মাধ্যমে কিন্তু আমরা সবাই উপকৃত হবো। তিনি বলেন, প্রণোদনার অর্থ রাজ্য সরকার ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের আমেরিকান রেসকিউ প্ল্যান লেজিসলেশন থেকে নিতে পারবেন।