খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কমলেও গতকালও মারা গেছেন ৩৪ জন। সিলেট বিভাগে গতকাল এক দিনের হিসাবে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। চট্টগ্রাম বিভাগে গতকাল এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে বরিশালে ১৬ জন, রাজশাহীতে ১৩ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ১৮ জনের মৃত্যু হয়েছে। বিভাগীয় অফিস এবং স্টাফ রিপোর্টারদের পাঠানো খবর।
খুলনা অফিস : খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা গতকালের চেয়ে কিছুটা কমেছে। যদিও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনাতে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৯৩ জনের। গতকাল শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার খুলনা বিভাগে ৪১ জনের মৃত্যু ও ১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮ট থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনা ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ আট জন করে মারা গেছেন। এছাড়া যশোরে সাত জন, ঝিনাইদহে পাঁচ জন, চুয়াডাঙ্গায় দুই জন। এছাড়া বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন। খুলনা বিভাগের ১০ জেলায় শুক্রবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৬৯ জন।
বরিশাল অফিস : বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে বিভাগের পটুয়াখালী জেলায় পাঁচ জন, পিরোজপুরে দুই জন এবং বরগুনায় এক জন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরো আট জন মারা যান। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩২ হাজার ৮২২ জন।
সিলেট অফিস : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৪ জনই সিলেট জেলার। এই সময়ে নতুন করে আরো ৮০২ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মৃত্যুর দিক থেকেও সর্বোচ্চ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য জানান। সিলেট বিভাগের চার জেলায় মিলে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ১১৬ জন। বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮৪ জনে।
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৬৬ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। সংক্রমণের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন। গতকাল শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামে এ পর্যন্ত ৮১ হাজার ২১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৫৮ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও করোনা উপসর্গ নিয়ে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে আট জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন। করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭২ জন এবং আইসিউতে ২২ জন চিকিত্সাধীন। এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষায় আরো ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৫৩৩ জন।
স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ সাত জন, পজিটিভ থেকে নেগেটিভ এক জন এবং করোনা উপসর্গ নিয়ে পাঁচ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি জুলাই মাসের ৩০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫৩ জনে। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৭৯ জন। রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ছয় জন, চাঁপাইনবাবগঞ্জে এক জন, নাটোরে তিন জন ও নওগাঁয় তিন জন। তিনি জানান, শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪২৫ জন রোগী ভর্তি রয়েছেন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৫ জন। রাজশাহীতে সংক্রমণের হার ২২.৮৭% এবং চাঁপাইনবাবগঞ্জে ১২.৮৪%।
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুর বিভাগের আট জেলায় গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৯ জন। এক দিনে বিভাগের রংপুরে তিন জন, ঠাকুরগাঁওয়ে দুই জন, দিনাজপুরে এক জন, কুড়িগ্রামে এক জন, লালমনিরহাটে এক জন এবং পঞ্চগড় জেলায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৪৩ হাজার ৯৪০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৯০২ জনের মৃত্যু হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম এসব তথ্য জানান।
