করোনার ডেলটা ধরন জলবসন্তের মতো দ্রুত ছড়ায় : সিডিসি সংক্রমণ বাড়ছে চীন ও জাপানে

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:০৪

করোনা ভাইরাসের ডেলটা রূপ জলবসন্তের মতো দ্রুত ছড়ায়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৩৬টি দেশ ও অঞ্চলে ডেলটা ছড়িয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, সিডিসি এই তথ্য জানিয়েছে। এদিকে চীন ও জাপানে আবার সংক্রমণ বাড়ছে। খবর সিএনএন ও বিবিসির

বিশ্বে করোনার সংক্রমণ অনেকটা কিছু দিন আগে কমলেও ডেলটার কারণে সব দেশ আবার বিপর্যস্ত হয়ে পড়েছে। সিডিসির এক অভ্যন্তরীণ নথিতে দাবি করা হয়েছে, ডেলটা ভ্যারিয়েন্ট টিকা গ্রহীতারা যে হারে ছড়ায়, ঠিকই একই হারে ছড়ায় টিকা না নেওয়া ব্যক্তিরাও। ওয়াশিংটন পোস্ট প্রথম এ নিয়ে রিপোর্ট প্রকাশ করে। সিডিসির পরিচালক ড. রোচেলে               ওয়ালেনেস্কি এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেলটা ভ্যারিয়েন্ট জলবসন্ত এবং হামের মতোই দ্রুত ছড়ায়। এটা খুবই খারাপ ভাইরাস।

টোকিওতে জরুরি অবস্থা

জাপানে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টোকিওতে জরুরি অবস্থার পরিধি আরো বাড়ানো হচ্ছে। রাজধানীর আশপাশের এলাকাসহ ওসাকা শহরেও কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো এক দিনে ১০ হাজারেরও বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে যাদের এক তৃতীয়াংশেরও বেশি রাজধানী টোকিওতে। বলা হচ্ছে, টোকিওর হাসপাতালগুলোতে গুরুতর অসুস্থ রোগীদের জন্য যত বেড আছে, তার ৬০ শতাংশই রোগীতে পূর্ণ।

অলিম্পিকের আয়োজকরা বলছেন, তাদের ভিলেজে আরো ২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর ফলে জুলাইয়ে অলিম্পিক ভিলেজে মোট রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। জাপানের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দেশ এখন মহামারির এক ভীতিকর পর্যায়ে প্রবেশ করেছে।

চীনে নতুন করে সংক্রমণ

উহান শহরের পর এখন চীনের আরো একটি শহরে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই সংক্রমণ রাজধানী বেইজিংসহ আরো পাঁচটি প্রদেশে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় মিডিয়াতে এই সংক্রমণকে উল্লেখ করা হয়েছে উহানের পর সবচেয়ে বড় ধরনের সংক্রমণ হিসেবে। নানজিং শহরের বিমানবন্দরে ২০ জুলাই ২০০ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর এই বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ১১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল টাইমস। নানজিং শহরের কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর।