কেবল টিকা দিয়েই করোনা রোধ করা সম্ভব নয় গবেষণার ফল

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:০৫

করোনা ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হচ্ছে। এসব ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে ছড়াচ্ছে। টিকা আবিষ্কারের পর ধারণা করা হয়েছিল যে টিকা দিয়েই এর বিস্তার তথা নির্মূল করা সম্ভব। কিন্তু গবেষণা বলছে, কেবল টিকা দিয়েই করোনা নির্মূল বা বিস্তার রোধ কোনোটাই সম্ভব নয়। খবর সিএনএনের

গবেষকরা গতকাল শুক্রবার জানিয়েছেন, টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরাসহ আরো কিছু অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে। আর সবাইকেই টিকা দিতে হবে। ন্যাচারাল সায়েন্টিফিক রিপোর্টস-এ প্রকাশিত এই গবেষণায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র, সিডিসির অজনপ্রিয় পরামর্শেও সমর্থন দেওয়া হয়েছে। সিডিসি টিকা গ্রহীতাদেরকেও মাস্ক পরার নির্দেশনা দিয়েছে। গবেষকদের দলটি জানিয়েছে, দ্রুত টিকা দিয়ে ভ্যারিয়েন্টটির বিস্তার বন্ধ করার যে আশা করা হয়েছিল তা পূরণ হয়নি। গবেষণায় কাজ করা অস্ট্রিয়ার ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর সাইমন রেলা সাংবাদিকদের বলেন, বেশির ভাগ লোককে যখন টিকা দেওয়া হয়, তখন মূল স্ট্রেনের তুলনায় ভ্যাকসিন-প্রতিরোধক ধরনের একটি সুবিধা রয়েছে। এর অর্থ বেশির ভাগ লোকেরা টিকা দেওয়ার সময় ভ্যাকসিন প্রতিরোধক ধরন জনসংখ্যার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু এ সময়ে যদি মাস্ক পরা হয় এবং শারীরিক দূরত্ব মানা হয় তাহলে বিস্তার কমিয়ে আনা যায়।