টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, আব্দুল হালিম গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিত্সার জন্য বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি চিকিত্সাধীন ছিলেন। এ ছাড়া কয়েক দিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তারের ফলাফল নেগেটিভ আসে। তবে আব্দুল হালিম প্রথম ধাপে গত ২০ ফেব্রুয়ারি প্রথম এবং ২০ এপ্রিল দ্বিতীয় করোনার টিকা গ্রহণ করেন। আব্দুল হালিমের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম জানান, টিকা নেওয়ার পরও তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তার হার্টের সমস্যা ছিল।
