লকডাউন চলমান রাখার সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:০৯

সরকারঘোষিত কঠোর লকডাউন চলমান রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

চলমান কঠোর লকডাউন ৫ আগস্ট পর্যন্ত পালনের ঘোষণা ইতিপূর্বে দিয়েছে সরকার। সেই লকডাউন বাড়ানোর সুপারিশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমাদের সুপারিশ এটা কনটিনিউ (চলমান) করার। আমরা বলেছি লকডাউন কনটিনিউ করতে। কেবল অতি জরুরি সেবা ছাড়া যেভাবেই হোক সবকিছু সীমিত রাখতে হবে। এগুলো মনিটর করতে হবে। সব খুলে দিলে করোনা সংক্রমণ বেড়ে যাবে।

সরকারি প্রজ্ঞাপনে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়। এ সময় পোশাক ও শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তবে লকডাউনের মধ্যে রবিবার থেকে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার।