চীনের সিনোফার্মের কাছ থেকে বাণিজ্যিকভাবে কেনা আরো ৩০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের তিনটি পৃথক ফ্লাইটে এই টিকা ঢাকায় এসে পৌঁছায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় প্রথম ফ্লাইট ১০ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর রাত সোয়া ১টায় দ্বিতীয় ও রাত সোয়া ৩টায় তৃতীয় ফ্লাইটে আরো ২০ লাখ টিকা পৌঁছায়। চীন থেকে প্রথম দফায় গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা এসেছে চীন থেকে। চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনেছে সরকার। সে অনুযায়ী, আরো ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।
এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
