গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ আরো তিন জন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় (পেট্রোল পাম্পের সামনে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই জন নারী যাত্রী এবং অপর জন কাভার্ড ভ্যানের চালক ছিলেন। তবে তাত্ক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
আহত সিএনজির তিন যাত্রীর মধ্যে এক জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুই জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) মো. মতিউর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুরগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ঐ এলাকায় বিপরীতমুখি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মারা যান দুই যানবাহনের দুই চালকসহ অটো রিকশার এক নারী যাত্রী। এ সময় আহত হয় সিএনজিতে থাকা শিশুসহ আরো তিন জন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপর এক নারী মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধারে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে।
