‘ওয়াও বাংলাদেশ’ উত্সবে নারীর জয়গান

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:১৭

নারীর সফলতা উদ্যাপনে অনলাইনে আয়োজিত দুই দিনব্যাপী ‘ওয়াও বাংলাদেশ-২০২১’ উত্সব  শেষ  হয়েছে। বাংলাদেশে প্রথম বারের মতো এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিল, সিডিসি বাংলাদেশ এবং মঙ্গল দ্বীপ ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিটিশ নাগরিক ‘জুড কেলি’ এই উত্সবের শুরু করেন।  

অনুষ্ঠানে সমাজের সংখ্যালঘু বা মূলধারার বাইরের নারীরা তাদের সাফল্যের উপাখ্যান তুলে ধরেন। অনলাইনে অনুষ্ঠিত এই উত্সব ২৯ ও ৩০ জুলাই রাত ৯টায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি প্রচারের পাশাপাশি রেডিও স্বাধীন ৯২.৪ এফএম এবং রেডিও পদ্মা নিউজ ৯৯.২ এফএম এর মাধ্যমে একই সময়ে সম্প্রচারিত হয়।

তিন ভাগে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম ভাগে ছিল সাহসী নারীদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রতিকূলতা ও সফলতার কথা। দ্বিতীয়টির নাম ‘ওয়াও মার্কেটপ্লেস’। যেখানে তুলে ধরা হয়েছে সেই সব নারী উদ্যোক্তাদের কথা, যারা করোনা মহামারির মধ্যেও পিছিয়ে না থেকে অনলাইন ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করেছেন। উত্সবের তৃতীয় অংশের নাম, ‘ওয়াও পপ-আপ পারফরম্যান্স’। যেখানে একইভাবে ছিল বিভিন্ন বিভাগের প্রতিভাবান শিল্পী ও কুশলীদের নাচ, গান, আবৃত্তি ও একক পরিবেশনা। উত্সবের আয়োজক, মঙ্গল দ্বীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন অভিনেত্রী সারা যাকের বলেন, ‘এই উত্সবের মাধ্যমে শুধু নারীর সফলতা নয়, পুরুষ ও নারীর একসঙ্গে এগিয়ে চলাকেও উদ্যাপন করা হয়। আমরা নারী ও পুরুষের  সমতায় বিশ্ব তৈরি করতে চাই।’

অনলাইন উত্সবে আরো যোগ দেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য অধ্যাপক ড. শরীফা সালওয়া দিনা, বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ উপস্থাপিকা তাসনুভা আনান শিশির,  দেশের প্রথম নারী হিন্দু বিবাহ নিবন্ধক মুক্তি রানী বালা,  রেলক্রসিংয়ে  দেশের প্রথম মহিলা গেট কিপার তানজিলা,  সিলেট মহিলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, ব্র্যাক প্লাটুনের অধীনে আত্মরক্ষার সহকারী প্রশিক্ষক পিনাকী ভট্টাচার্জী, ময়মনসিংহ জেলা মহিলা এবং ই-কমার্স ফোরামের প্রতিনিধি তানজিলা সুলতানা, মার্কেটপ্লেসে সুমাইয়া ইসলাম চৈতি (চৌবাচ্চা), রাবেয়া মারুফ (সুলতানা’স ড্রিম), শারমিন আক্তার লুনা (ফুড আর্ট অব বরিশাল), রোজিনা আক্তার (ঝিয়ারি), সাবিহা আক্তার বিথি (রঙ্গিন  বাগিচা), ফারহানা ইয়াসমিন (নকশি কারুকাজ) এবং আইনুন নাহার মুনমুন (দারুচিনি কাব্য)। এছাড়াও দর্শক এবং শ্রোতাদের জন্য থাকছে শিল্পী নিশিতা বড়ুয়া, সাবিত্রি হেব্রাম, শুভ্র বিশ্বাস, শেখ দিনা ও তন্বী, মনিরা রহমান মিঠু, শুভ্রা বিশ্বাস এবং জাকিয়া সুলতানা কর্নিয়ার দুর্দান্ত সব উপস্থাপনা।