বাংলাদেশে বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:১৯

বিদ্যুত্ ও জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ‘এনার্জি গোলটেবিল’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। চলতি বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর এটি ছিল এই কাউন্সিলের প্রথম ‘ইন-পারসন’ সভা।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, তৌফিক-ই-ইলাহী চৌধুরী বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুত্ খাতে মার্কিন সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে এক্ষেত্রে তাদের আরো বেশি অবদান রাখার আহ্বান জানান। তিনি দেশে তেল এবং গ্যাস অনুসন্ধানে, বিশেষত অফশোর ক্ষেত্রে, বিনিয়োগ করতে তাদের উত্সাহিত করেন। তিনি মার্কিন সংস্থাগুলোকে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুত্ মডুলার রিঅ্যাক্টরের সম্ভাবনা অনুসন্ধান করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়াল গোলটেবিলে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা পূরণে দুই দেশের জ্বালানি অংশীদারিত্বকে এগিয়ে নিতে তার সংস্থার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই গোলটেবিল আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম, শেভরন, চেনিয়ার, এক্সিলারেট এনার্জি, এক্সনমোবিল, জিই পাওয়ার, সানএডিসনসহ বেশ কয়েকটি মার্কিন সংস্থার শীর্ষ কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র চেম্বার, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জ্বালানি উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্বালানি সম্পদ ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী সচিব, রাষ্ট্রদূত ভার্জিনিয়া ই পামারের সঙ্গে বাংলাদেশ-মার্কিন জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেন।