দেশে গত এক দিনে আরো ১৩ হাজার ৮৬২ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২১২ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন কোভিড রোগী আর আক্রান্তদের মধ্যে মোট ২০ হাজার ৪৬৭ জনের মৃত্যু হলো। সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৩ হাজার ৯৭৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।
আগের দিন বুধবার সারা দেশে ১৫ হাজার ২৭১ জন নতুন রোগী শনাক্ত হয়, এক দিনে মৃত্যু হয় ২৩৯ জনের। সেই হিসেবে এক দিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই কমেছে। তবে নমুনা পরীক্ষাও কমেছে প্রায় ১০ হাজার। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ৫ হাজার ৫৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট আক্রান্তের ৩৬ শতাংশের বেশি। আর এ সময়ে যে ২১২ জন মারা গেছেন, তাদের ৬৫ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৫৩ জন এবং খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত এক দিনে সারা দেশে মোট ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৭৭ লাখ ৯ হাজার ৯১৪টি নমুনা। নমুনা পরীক্ষার বিবেচনায় দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭৭ শতাংশ, যা আগের দিন ২৯ দশমিক ২১ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত এক দিনে ঢাকা জেলায় দেশের সর্বোচ্চ ৩ হাজার ৩৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ঢাকা বিভাগে গত এক দিনে যে ৬৫ জনের মৃত্যু হয়েছে, তাদের ৩৭ জনই ছিলেন ঢাকা জেলার। চট্টগ্রাম বিভাগে মারা যাওয়া ৫৩ জন জনের মধ্যে ১৯ জন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন। মৃত ২১২ জনের মধ্যে ১১৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ৪৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। তাদের মধ্যে ১১৯ জন ছিলেন পুরুষ, ৯৩ জন ছিলেন নারী। ১৫৪ জন সরকারি হাসপাতালে, ৪৮ জন বেসরকারি হাসপাতালে এবং ৯ জন বাসায় চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এক জনকে হাসপাতালে মৃত আনা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
