করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মসজিদে বক্তব্য দিচ্ছে পুলিশ

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২১

প্রতি শুক্রবার জুমার নামাজের পূর্বে মানুষের মধ্যে ইতিবাচক বক্তব্য ছড়িয়ে দিতে এবং করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য দিতে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ এবং সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান। পুলিশের সঙ্গে সমাজের মানুষের নিবিড় ও আস্থার সম্পর্ক তৈরির লক্ষ্যে তার রেঞ্জের অধীন মাঠ পর্যায়ের সব অফিসারকে এ নির্দেশ দেন ডিআইজি। প্রচারণার অংশ হিসেবে গতকাল শুক্রবার ঢাকা রেঞ্জের ৯৬ থানার সহস্রাধিক মসজিদে ডিআইজির এ নির্দেশনামূলক বক্তব্য প্রচার করা হয়।

জুমার নামাজের খুতবার পূর্বে সব মসজিদে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টররা বক্তব্য দেন। এছাড়া মাঝেমধ্যে পুলিশ সুপারও প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রচারণার মধ্যে রয়েছে—করোনা সংক্রমণ এবং ভাইরাসে মৃত্যুর বিষয়টি তুলে ধরে মানুষকে সতর্ক করা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়া, হাটবাজার বা চায়ের দোকানে আড্ডা না দেওয়া, বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়।