দুই ডোজ টিকা নেওয়া থাকলে সৌদি আরবে যেতে বাধা নেই

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০০:২১

করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেওয়া থাকলে যে কেউ ওমরাহ বা পর্যটনের জন্য সৌদি আরব যেতে পারবেন। মহামারির কারণে বন্ধ থাকা সীমানা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। আরব নিউজ ও গতকাল শুক্রবার খালিজ টাইমস জানায়, করোনার কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সম্পূর্ণ টিকা নেওয়া ব্যক্তিদের দেশটিতে ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় দেশটির পর্যটন মন্ত্রণালয়। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া ব্যক্তিরাই এই ভ্রমণ সুবিধা পাবেন। এসব টিকা গ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে না বলেও জানানো হয়। তবে ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ আসার প্রমাণ স্বাস্থ্য কর্মকর্তাদের দেখাতে হবে। এদিকে ওমরাহ পালনের ব্যাপারে আগের সব বিধিনিষেধই অপরিবর্তিত থাকবে।