জুলাই মাসে বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে। ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী শুধু জুলাই মাসেই শনাক্ত হয়েছেন। এদের ৯৮ শতাংশই ঢাকায়। আর গত ২৪ ঘণ্টায় ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬৪ জনই ঢাকার, আর বাইরের ছয় জন। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৭০৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৬৭৯ জন, আর বাকি ৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ২ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু সন্দেহে চার জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
