কবি-সাহিত্যিকদের কাছে বর্ষা ধরা দেয় বিরহী রূপে। বর্ষা নিয়ে রচিত হয়েছে অজস গান-কবিতা। এই ঘনঘোর বরিষায় গতকাল শুক্রবার শ্রাবণ সন্ধ্যায় বর্ষা বন্দনায় অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সংগীতনির্ভর মালহার সন্ধ্যা শীর্ষক অনুষ্ঠান। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) আয়োজনে মহামারির দুঃসময়ে অনলাইনে শ্রোতা-দর্শকরা উপভোগ করেছেন সেই অনুষ্ঠান। আইজিসিসির ফেসবুক পেজে সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান।
বর্ষাকে আমন্ত্রণ জানানো মালহার রাগনির্ভর এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত শিল্পীরা। তাদের সংগীত মুগ্ধতা ছড়িয়েছে শ্রোতাদের মনে। মিশ্র মালহার রাগে পরিবেশনা উপস্থাপন করেন বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মেঘ মালহার রাগের ওপর অনবদ্য একটি পরিবেশনা উপস্থাপন করেন দেশের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী। বাঁশির সুরে রাগ মিয়া কি মালহারের আশ্রয়ে একটি চমত্কার পরিবেশনা উপস্থাপন করেন ভারতের বিশিষ্ট বংশীবাদক কিরণ কুমার শর্মা। একই রাগের আশ্রয়ে সরোদে স্নিগ্ধতা ছড়িয়েছেন রাজরূপা চৌধুরী। এছাড়াও তিনি মীরা বাঈ কি মালহার রাগনির্ভর একটি পরিবেশনা উপস্থাপন করেন।
