রায়পুরে কর্মচারীদের অবহেলায় রোগীর মৃত্যু, হামলায় আহত পাঁচ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

 রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুর জনসেবা প্রাইভেট হাসপাতালের কর্মচারীদের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে ওই নারীর স্বজনেরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর শহরের সরকারি হাসপাতালের সামনে জনসেবা হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই নারীর নাম শকিনা বেগম (৬০)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের মৃত ওহিদ উল্যার স্ত্রী।

নিহতের পুত্রবধূ পারভীন বেগমসহ স্বজনরা কর্মচারীদের অবহেলায় মৃত্যুর অভিযোগ করে বলেন, বুকে জ্বালা-পোড়া অনুভব করলে মঙ্গলবার বিকালে রোগীকে হাসপাতালে আনার পর জরুরি ডাক্তার দেখিয়ে ভর্তির ব্যবস্থাও করতে বলা হয়। কিন্তু চিকিত্সকের পিয়ন মোঃ ফরহাদ ও হাসপাতালের এক কর্মচারী রোগীকে লম্বা সিরিয়াল দেখিয়ে একটু পরে চিকিত্সক দেখবে বলে চার ঘণ্টা কালক্ষেপণ করেন। এ সময় তারা রোগীকে দেখতে পর্যন্ত আসেননি। পরে রাত সাড়ে ৯টার দিকে রোগী বুকের ব্যথায় চিত্কার শুরু করলে চিকিত্সক নাজমুল হাসান এসে তাকে মৃত অবস্থায় পান। এতে উত্তেজিত হয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ঢুকে অভিযুক্ত ওই পিয়নসহ পাঁচজনকে বেদম মারধর করে।

এদিকে রোগীর জরুরি অবস্থার কথা তাকে না জানানোর কারণে চিকিত্সা দেওয়ার সময় পাওয়া যায়নি বলে দাবি করেন চিকিত্সক নাজমুল হাসান। তিনি বলেন, পিয়নসহ রোগীর স্বজনরা গুরুত্ব দিয়ে বললে হয়তো রোগীকে বাঁচানো যেত।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ জানান, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রায়পুর থানার ওসি (তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, ঘটনার পরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উভয়পক্ষকে নিয়ে মীমাংসা হয়ে যাওয়ায় আটক দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।