সিলেট অফিস
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে নিখোঁজের ছয় ঘণ্টা পর এক স্কুলছাত্রের বাঁ পাশের উপড়ানো চোখ ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম দেলোয়ার আহমেদ সাহেল (৬)। সে স্থানীয় লাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাহেল বাড়ির পাশেই খেলাধুলা করছিল। বেলা ১টার দিকে সে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি কবরস্থানের কাছেই এলাকাবাসী সাহেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জলিলসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
