সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৫

 শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সরকার সুন্দরবনকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে সুন্দরবনের যাবতীয় বনজদ্রব্য সরকারি ও বেসরকারিভাবে ক্রয়-বিক্রয় ও পাচার সম্পূর্ণ  নিষিদ্ধ করেছে। তবে শুধুমাত্র গোলপাতা ও মাছ শিকার শর্ত সাপেক্ষে চালু রেখেছে। তার ধারাবাহিকতায় এবার ২০১৮-১৯ অর্থ বছরে গোলপাতা আহরণকারীদের সুন্দরবনে প্রবেশ করার অনুমতি দিয়েছে বন বিভাগ। এর আওতায় পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জে আগামী ১৫ মার্চ পর্যন্ত আড়াই মাসব্যাপী বাওয়ালীরা সুন্দরবনে নির্দিষ্ট স্থান থেকে গোলপাতা সংগ্রহ করবেন। বন বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে বাওয়ালীদের নৌকার লাইন্সেস অনুমতিপত্র (বিএলসি) প্রদানসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) ও সংশ্লিষ্ট ক্যুপ অফিসার কেএম কবির উদ্দীন জানান, সাতক্ষীরা রেঞ্জে একটি ক্যুপ হতে ১ লাখ ২৬ হাজার ৬৩০ মণ গোলপাতা সংগ্রহের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে বাওয়ালীদের ২৫ টাকা রাজস্ব প্রদান করতে হবে।