বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। ১১ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এনিয়ে গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৯৪ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ৩৫৩ জন রোগী।

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২১ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জন পজিটিভসহ ৫১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার একদিনের ব্যবধানে প্রায় অর্ধেক কমেছে। শনিবার রাতে প্রকাশিত সব শেষ রিপোর্টে ২২৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪১ ভাগ।
ইত্তেফাক/এমআর
