‘সিনেমাটি আমার জন্য স্মরণীয় হতে যাচ্ছে’

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:১৬

 বিনোদন ডেস্ক

 

সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘বিক্রান্ত রোনা’ সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে জ্যাকুলিনের চরিত্র সম্পর্কে ধারণা, তাকে নির্বাচনের গুরুত্বসহ  কোন পরিকল্পনায় সিনেমাটি নির্মিত হচ্ছে সেই চিত্র ফুটে উঠেছে। পোস্টারটি সামনে আসতেই বেশ আলোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়। নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে ‘বিক্রান্ত রোনা’কে ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় সিনেমা হিসেবে দাবি করেছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সিনেমাটি ঘিরে শুধু পুরো টিমের নয়, সকলের প্রত্যাশা দিনদিন আরো বাড়ছে। তাই সিনেমাটি নির্মাণের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে বেশ উত্তেজনাপূর্ণ। এত সুন্দর একটি পোস্টার তৈরি করার জন্য নির্মাতার প্রতি কৃতজ্ঞতা। এই সিনেমাটি আমার জন্য বিশেষ ও স্মরণীয় হতে যাচ্ছে।’

জানা গেছে, সিনেমাটিতে ‘গাদাং রাক্কামা’ নামের একটি চরিত্রে দেখা মিলবে জ্যাকুলিনের। যিনি একটি সরাইখানা পরিচালনা করবেন। এছাড়া সিনেমাটিতে জ্যাকুলিনের অন্তর্ভুক্তি অনন্য মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন নির্মাতা। উল্লেখ্য, অ্যাকশন-অ্যাভেঞ্জারধর্মী এই সিনেমাটি ১৪টি ভাষায় ৫৫টি দেশে মুক্তি দেওয়া হবে বলে প্রযোজক মানজুনাথ ও শালিনী মানজুনাথ জানিয়েছেন। এতে জ্যাকুলিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নিরুপ ভাণ্ডারি ও নিতা আশোকসহ অনেকে।