নরসিংদীর কামরাব আশ্রয়ণ প্রকল্প
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব আশ্রয়ণ প্রকল্পে ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে ৩০টি ঘর। এসব ঘরগুলোতে প্রায় ১২৫ জন নর-নারী-শিশু বসবাস করছে। জায়গাজমি ও ঘর পেয়ে তারা খুবই খুশি। শনিবার সরজমিনে কামরাব আশ্রয়ণ প্রকল্পে গিয়ে কথা হয় মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি জানান, ইতিমধ্যে বৈদ্যুতিক সংযোগসহ পানির ব্যবস্থা করা হয়েছে। মমতাজ বেগম নামের এক নারী প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দ প্রকাশ করে জানান, তিনি সরকারিভাবে একটি সেলাই মেশিনও পেয়েছেন।
এদিকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ আশ্রয়ণ প্রকল্পটির ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ব্যাপারে তিনি শিবপুর উপজেলা নির্বাহী অফিসারকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। শনিবার জেলা প্রশাসকের নির্দেশে নরসিংদীর আরডিসি শ্যামল চন্দ্র বসাক, শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ খান আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করেন।
