অধিকাংশ চিকিত্সা সরঞ্জাম অকেজো

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৫৮

মাদারীপুর সদর হাসপাতাল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক টেকনিশিয়ান ও সন্ত্রপাতির অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা সদরের একমাত্র হাসপাতালটিতে আগত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এদিকে জরুরি মেশিনগুলোর অধিকাংশই প্রায় অকেজো হয়ে পড়ে রয়েছে। অথচ এসব মেশিনগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হলে এলাকাবাসী অধিকতর সেবা পেত বলে সংশ্লিষ্টরাসহ সবাই মনে করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একমাত্র স্লাইটল্যাম্পটি অকেজো হয়ে আছে। ১০টি অটোক্লবের ছয়টিই অকেজো। পাঁচটি ইসিজি মেশিনের তিনটিই অকেজো। আটটি লেজার প্রিন্টারের তিনটি অকেজো এবং সাতটি মাইক্রোসকোপের পাঁচটি অকেজো। এছাড়া ছয়টি অ্যাম্বুলেন্সের চারটি, সাতটি অ্যানেসথেসিয়া মেশিনের দুইটি, একমাত্র ফ্যাক্স মেশিনটি অকেজো। এছাড়া সাতটি লেপটপের দুইটি এবং দুইটি ফটোকপির মেশিনের একটি বর্তমানে অকেজো রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম প্রয়োজনীয় সংখ্যক টেকনিশিয়ান নেই এবং উল্লিখিত সংখ্যক মেশিন (যন্ত্রপাতি) বর্তমানে অকেজো রয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনিশিয়ান নিয়োগ ও বর্তমানে বন্ধ (অকেজো) থাকা যন্ত্রপাতি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকিত্সক ও টেকনিশিয়ান বলেছেন, জরুরি ভিত্তিতে অকেজো মেশিনগুলো মেরামত ও আরো টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হলে রোগীর সেবার মান আরো বৃদ্ধি পাবে।