কমলগঞ্জে বৃষ্টি না হওয়ায় আমন চাষ ব্যাহত

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২০:৫৯

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান চাষ ব্যাহত হচ্ছে। অনেক কৃষক জমিতে ধানের চারা রোপণ করেছেন, কিন্তু অল্প বৃষ্টির কারণে কমলগঞ্জের অনেক কৃষক ফসলহানির আশঙ্কা করছেন।

সরেজমিন উপজেলার পতনঊষারের কেওলার হাওর, ধুপাটিলা ও শমশেরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউ কেউ চারা রোপণ করলেও জমি শুকিয়ে যাচ্ছে। কেউ কেউ হালচাষ করলেও জমিতে পর্যাপ্ত পানি নেই। আবার কেউ কেউ সেচ দিচ্ছেন এবং বৃষ্টির আশায় দিন কাটাচ্ছেন। এ অবস্থায় আমন চাষাবাদে ব্যাহত হচ্ছে। অল্প অল্প বৃষ্টি হলেও তা আমন চাষের জন্য পর্যাপ্ত নয় বলে কৃষকরা দাবি করেন। উপজেলার পতনউষার ইউনিয়নের কৃষক তোয়াবুর রহমান বলেন, এখন বর্ষায় ভরা মৌসুম। আশানুরূপ বৃষ্টি নেই। এটি আবহাওয়ার বিরূপ প্রভাব। ফলে আমনের চারা রোপণে ভোগান্তি পোহাতে হচ্ছে। অল্প অল্প করে যে বৃষ্টি হচ্ছে তাতে চাষাবাদ উপযোগী পানি পাওয়া যাচ্ছে না। হাওর, নদী-নালা ও খাল-বিলের নিচে পানি। তাকিয়ে আছি পর্যাপ্ত বৃষ্টির জন্য। একই ইউনিয়নের ধুপাটিলা গ্রামের কৃষক আক্তার মিয়া বলেন, আমনের চারা রোপণে ভোগান্তিতে পড়েছি। যে বৃষ্টি হয় তাতে জমি ভালোভাবে নরম হয় না। বর্ষাকালে এরকম কোনো সময় দেখিনি। অন্যান্য বছর পানির কারণে জমি ডুবে থাকতো। এখন চাষাবাদ করার মতো পানি নেই।

শমশেরনগরের লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. (পাবসস) এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, বৃষ্টির জন্য সতিঝিরগ্রাম, কেছুলুটিসহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখনো জমিতে ধানের চারা রোপণ করতে পারছেন না। অনেকেই বৃষ্টির আশায় চেয়ে আছেন।   

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হওয়া উচিত, সে পরিমাণ হচ্ছে না। তবে যেটুকু বৃষ্টি হচ্ছে তাতেও কৃষকরা আমন চাষাবাদ করতে পারছেন। আর এখনো সময় আছে, যেকোনো সময়ে ভারী বৃষ্টি হলেই আর কোনো সমস্যা থাকবে না।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. আনিসুর রহমান বলেন, বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই সপ্তাহেই আরো বৃষ্টি হবে।