রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের টিকা প্রদানের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০০

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের পটিয়ায় একটি ইউনিয়নে রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। উপজেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল হোসেন শোভনদণ্ডি এলাকায় রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের  কোভিড টিকা প্রদান করেছেন। বিষয়টি জানার পর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

গঠিত কমিটিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. অজয় দাশকে প্রধান ও ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খানকে সদস্য সচিব এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল কর্মকর্তা ডা নুরুল হায়দারকে সদস্য করা হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এসব টিকা পটিয়া উপজেলার জন্য বরাদ্দ করা। টিকাগুলো টেকনোলজিষ্ট রবিউলের তত্ত্বাবধানের উপজেলায় থাকে। বিভাগীয় পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি মানুষের মধ্যে কী পরিমাণ টিকা দেওয়া হয়েছে, কত টিকা নিয়েছে সবকিছু তদন্ত করে রিপোর্ট দেবে। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল হোসেনের বিরুদ্ধে অনুমোদন ছাড়া টিকা প্রদান ও অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টেকনোলজিস্ট রবিউল শোভনদন্ডি রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের কোভিড টিকা দিয়েছেন।