গোপালগঞ্জে ১৮ দিন পর পিসিআর ল্যাব সচল

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ১৮ দিন পর সচল হয়েছে আরটি-পিসিআর ল্যাব। শনিবার দুপুর থেকে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে।  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, শনিবার থেকে পাঁচ উপজেলার স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন দুপুরে এসব স্যাম্পল ল্যাবে পাঠানো হচ্ছে। এখন থেকে করোনার প্রতিদিনের আপডেট প্রতিদিন জানা যাবে। তিনি জানান, গত বছর গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের মাইাক্রো বায়োলজি বিভাগে পিসিআর ল্যাবটি স্থাপন করা হয়। চলতি বছরে ল্যাবটিতে করোনা পরীক্ষা শুরু হয়। জুলাই মাসে গোপালগঞ্জে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পায়। এ কারণে করোনা পরীক্ষাও বাড়িয়ে দেওয়া হয়। হঠাত্ করে ল্যাবে ত্রুটি দেখা দেয়। তারপর থেকে ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের মাইাক্রো বায়োলজি বিভাগের প্রফেসর ও আরটি-পিসিআর ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাফি আহমেদ জানান, জুলাই মাসের ১২ তারিখে পিসিআর ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ঐ দিন থেকে করোনার স্যাম্পল পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। পরে আইইডিসিআরের বিশেষজ্ঞ টিমের সদস্যরা ল্যাবটিকে সচল করতে সক্ষম হন। শনিবার দুপুর থেকে আমরা এ ল্যাবে করোনা পরীক্ষা শুরু করেছি।