টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ছেলের হাতে বাবা হত্যা মামলার সাড়ে ২২ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার বেলা সোয়া ৩টার দিকে এ অভিযোগপত্র দাখিল করা হয়। টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল সদর উপজেলার বাহিরশিমুল গ্রামের আব্দুল কদ্দুসকে পারিবারিক কলহের জের ধরে তার ছেলে লুত্ফর রহমান দায়ের আঘাতে খুন করে। শনিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আব্দুল কদ্দুসের অপর ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে শনিবার দুপুরের পরেই লুত্ফর রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল মডেল থানার এসআই আব্দুল ওহাব আসামিকে গ্রেফতারসহ মামলার তদন্ত করে সাড়ে ২২ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, টাঙ্গাইলে এত কম সময়ের মধ্যে কোনো হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা এটাই প্রথম।
