বরিশাল অফিস
বরিশাল বিভাগে করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই শনাক্ত হয়েছে ডেঙ্গু রোগী। এ নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। তবে ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকারি হাসপাতালগুলো। গত ২৭ জুলাই পিরোজপুর জেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, এ বছর পিরোজপুরে ২৪ বছরের এক যুবকের সর্বপ্রথম ডেঙ্গু শনাক্ত হয়। কোনো হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিত্সা নিচ্ছেন ঐ ডেঙ্গু রোগী। এছাড়া শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো তিন জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ডেঙ্গু সন্দেহে তিন জন রোগী মেডিসিন বিভাগে ভর্তি হন। শনিবার পরীক্ষার ফলাফলে তাদের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরো জানান, হাসপাতালের চারটি মেডিসিন ইউনিটে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সন্দেহজনক রোগীদের পরীক্ষার আওতায় আনা হচ্ছে। করোনা ভাইরাস ও ডেঙ্গুর লক্ষণ কাছাকাছি হওয়ায় চিকিত্সার শুরুতে দ্বিধায় পড়ছেন চিকিত্সকরা। তবে এ ধরনের রোগীদের করোনা ও ডেঙ্গু উভয় পরীক্ষাই করা হচ্ছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু
বরিশাল অফিস জানান, উচ্চ রক্তচাপে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) শনিবার কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলার হাজতি বানারীপাড়া উপজেলার সোনাহার গ্রামের হিরা লাল দত্তের ছেলে দিপু দত্ত (৪৭) শুক্রবার উচ্চ রক্তচাপজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে। তাত্ক্ষণিক কারাগারের সহকারী সার্জন ডা. রাকিবুল আহসান দিপু দত্তকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরদিন শনিবার চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
