স্পোর্টস রিপোর্টার
তাহলে কি নিজের পুরনো ক্লাবেই ফিরছেন হোসে মরিনহো? এখনো বিষয়টা নিশ্চিত করা না গেলেও ইতালিয়ান গণমাধ্যমের দাবি এই মৌসুমের শেষেই পুনরায় সিরি ‘এ’র ক্লাব ইন্টার মিলানের কোচের পদে ফিরতে চলেছেন।
গেল ডিসেম্বরে বাজে পারফরম্যান্সের জের ধরে তাকে চাকরিচ্যুত করে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকেই বেকার জীবনযাপন চলছে তার। এমন অবস্থায় ইতালির লিবেরো নামের একটি গণমাধ্যম দাবি করছে, তিনি শিগগিরই ইন্টার মিলানের দায়িত্ব নেবেন।
গণমাধ্যমটির দাবি মরিনহোর এজেন্ট জর্জে মেন্ডেস ইন্টার মিলান ক্লাব কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। পত্রিকাটি জানিয়েছে, মরিনহো নিজেই ইন্টার মিলানে যেতে আগ্রহী। ফলে, তার এজেন্ট অনেকটা যেচে পড়েই ক্লাবটিকে প্রস্তাব দিয়ে বসেছেন।
এমনিতে দলটির বর্তমান কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে ঠিক সান সিরোর ড্রেসিংরুমে সুবিধাজনক অবস্থানে নেই। কারণ, দলটির চলতি মৌসুমের শিরোপা জয়ের সম্ভাবনা এরই মধ্যে হাওয়ায় মিলিয়ে গেছে। যদিও, দিন তিনেক আগে কোচ নিজেই বলেছেন, ‘দলের খেলোয়াড়রা আমাকে সমর্থন যুগিয়ে যাচ্ছে।’
যদিও, তার এই কথায় চিঁড়া ভেজার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে, মরিনহোকে ইন্টারে ফেরার পথে লড়াই করতে হবে চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কোন্তের সাথে। কারণ লা রিপাবলিকা নামের আরেকটি গণমাধ্যম দাবি করছে, ইন্টার মিলানের প্রধান নির্বাহী কর্মকর্তা বেপ্পে মারোত্তা নাকি ইতোমধ্যেই ভবিষ্যত্ কোচ হিসেবে একজনকে পছন্দ করে রেখেছেন আর তিনি হলেন কান্তে।
এ অবস্থায় মরিনহোর আগ্রহ প্রকাশ করায় হয়তো ক্লাবটি ভবিষ্যত্ কোচ নির্বাচনে নতুন করে ভাববে। কারণ, গেল মেয়াদে ইন্টার মিলানকে বিস্তর সাফল্য এনে দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ। রিয়ালের উদ্দেশ্যে ক্লাব ছাড়ার আগে মরিনহো ২০০৮ ও ২০১০ সালে ইন্টারকে লিগ শিরোপা জেতান। এছাড়া ২০১০ সালে এই মরিনহোই ক্লাবটিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও এনে দেন। মরিনহো ইন্টারে ফিরলে হয়তো সিরি ‘এ’ ইউরোপের মাঠে তার পুরনো ‘জনপ্রিয়তা’ ফিরে পাবে। এরই মধ্যে জুভেন্তাসে সাম্প্রতিক সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মত বড় তারকা যোগ দেওয়ায় বিশ্বের আগ্রহটা ফিরতে শুরু করেছে ইতালিতে। এবার মরিনহো ফিরলে তাতে আরেকটি নতুন মাত্রা যোগ হবে।
