ময়মনসিংহে ভুয়া পুলিশ গ্রেফতার

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:০১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় শনিবার রাতে ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে পুলিশ সেজে চাঁদাবাজির সময় জনতার হাতে আটকের পর পুলিশ এক ভুয়া এসআই পরিচয় দানকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার শাহাদত আলম ত্রিশাল উপজেলার ধলা নামাপাড়া গ্রামের এম এ মজিদের ছেলে।

ভুয়া পুলিশ পরিচয়দানকারী শাহাদতকে আটকের কথা স্বীকার করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, রাত সাড়ে ১০টায় রিকশা করে তারাকান্দার মধুপুর বাজারে এসে পৌঁছায় শাহাদত। এ সময় শাহাদতের পড়নে পুলিশের এসআইয়ের র্যাংক ব্যাচসহ নূরে আলম নামের নেমপ্লেট সম্বলিত পুলিশের মতোই পোশাক ছিল। ঐ সময় এক সহযোগীসহ অবস্থানকালে সে মধুপুর বাজারের দোকানদার মোতালেবের দোকান থেকে ১০০ টাকা এবং একটি বেনসন সিগারেট নেয়। পরে টাকা দেওয়ার কথা বলে টাকা এবং সিগারেট নিলেও আর তাকে পাওয়া যাচ্ছিল না। এক সময় সে পুলিশের পোশাক খুলে ফেলে সাধারণ পোশাক পরে। লোকজনের সন্দেহ হলে তার হাতে থাকা ব্যাগ চেক করে পুলিশের পোশাক পাওয়া যায়। পরে তারাকান্দা থানায় খবর দিলে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে তারাকান্দা থানা পুলিশের সদস্যরা শাহাদতকে থানায় নিয়ে আসে। শাহাদতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চলমান আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।