মিরসরাইয়ে গৃহবধূর লাশ উদ্ধার
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা মিরসরাইয়ে শনিবার বিকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাইমুনা মাহি (১৯)। উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভারের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না এটি হত্যা, না আত্মহত্যা। তবে দুই পক্ষ দুই রকম অভিযোগ করছে। তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য।
জাতীয় শোক দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
মাদারীপুর সদর হাসপাতালে অক্সিজেন ক্যানোলা প্রদান
মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষে করোনায় আক্রান্ত রোগীদের চিকিত্সায় মাদারীপুর সদর হাসপাতালে হাই পেন্ট অক্সিজেন নজেল ক্যানোলা প্রদান করা হয়েছে। রবিবার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে সিভিল সার্জনের কাছে নজেল ক্যানোলা হস্তান্তর করেন।
সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরা উপজেলার মাহমুদপুর গুচ্ছগ্রামসহ আশপাশের ৮০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার সকালে গুচ্ছগ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন লে. কর্নেল গাজী আব্দুস। এ সময় উপস্থিত ছিলেন মেজর কামরুল ইসলাম, রায়পুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন প্রমুখ।
০
