সাপ্তাহিক আগ্রহের শীর্ষে বারাকা পতেঙ্গা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:১৯

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৯টির বা ৫২ দশমিক ৭৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১ দশমিক ৯০ টাকায়। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ দশমিক ৭০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ১২ দশমিক ৮০ টাকা বা ৪০ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিপিএইচ ইস্পাতের ৩৩ দশমিক ৭৮ শতাংশ, বিকন ফার্মার ৩৩ দশমিক ২৯ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৯ দশমিক ৪৭ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ২৬ দশমিক ৬২ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ২১ দশমিক ৬৯ শতাংশ, সালভো কেমিক্যালের ২০ দশমিক ৭০ শতাংশ, রহিমা ফুডের ১৯ দশমিক ৮৯ শতাংশ, ইজেনারেশনের ১৯ দশমিক ৭৭ শতাংশ এবং সেন্ট্রাল ইনসিওরেন্সের শেয়ারদর ১৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে।