ইত্তেফাক রিপোর্ট
সাভারে এক শ্রমিক নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে কথিত যুবলীগ নেতা রাজু আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার সকালে নির্যাতনের শিকার শ্রমিক নেতা রতন হোসেন মোতালেবের স্ত্রী সুলতানা পারভীন সাভার মডেল থানায় মামলাটি করেন। এদিকে শ্রমিক নেতাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার সাভার বাসস্ট্যান্ডে সমাবেশ ও মানববন্ধন করেছে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। মামলায় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লাহ দফাদারের ছেলে কথিত যুবলীগ নেতা রাজু আহমেদকে (৪১) প্রধান আসামি করে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই জনকে আসামি করা হয়েছে। উল্লেখিত অন্য আসামিরা হলেন রাজুর সহযোগী আব্দুল জলিল, রিপন, আব্বাস ও সিফাত।
পুলিশ জানায়, পূর্ব শক্রতার জেরে গত ৩০ জুলাই রাতে সাভারের কলমা এলাকার নিজ বাড়ি থেকে সাভার, আশুলিয়া ও ধামরাই টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেবকে (২৬) অপহরণ করে রাজু আহমেদ ও তার সহযোগীরা। পরে তাকে গৌরিপুর এলাকায় রাজুর একটি টর্চারসেলে নিয়ে রাতভর নির্যাতন ও মারধর করা হয়। এ ঘটনায় শনিবার রাজু আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে অপহূত শ্রমিক নেতার স্ত্রী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে অপহরণের ২০ ঘণ্টা পর রতন হোসেন মোতালেবকে বিকালে আশুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে ফেলে সরে পড়ে রাজু আহমেদ ও তার সহযোগীরা। পরে পুলিশ ঐ শ্রমিক নেতাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সাসেবা দেয়।
স্থানীয়দের অভিযোগ, রাজু আহমেদ যুবলীগের নাম ভাঙিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই গ্যাস চোরাকারবারিকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
