শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাস্ক পরা বাধ্যতামূলক -------স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ আগস্ট ২০২১, ২১:৫০

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত সব অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। র?্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইন শৃঙ্খলাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেদিন ট্রাফিক নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের সময় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে। এজন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৫ আগস্টের পর লকডাউন আর বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয় না। এই সিদ্ধান্ত যারা নেন তারা বলতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাদের ওপর অর্পিত  দায়িত্ব পালন করে। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের ঢাকা ফেরার চাপ সামলাতে সাময়িক ব্যবস্থা হিসেবে গণপরিবহন চালু করা হয়েছে।

এ সময় অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিচারের অগ্রগতি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা এখন বিচারাধীন। এ প্রসঙ্গে মন্তব্য করা উচিত নয়।