স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহামেডানকে ট্রফি তুলে দেওয়ার জন্য হকি ফেডারেশন আজ অনুষ্ঠানের আয়োজন করেছে। সন্ধ্যায় বিমানবাহিনীর ফ্যালকন হলে বড় আয়োজনে ট্রফি তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে মোহামেডান ট্রফি আনতে যাবে না বলে জানা গেছে। কারণ মোহামেডান ও মেরিনারের লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হট্টগোল হওয়াকে কেন্দ্র করে দুই দলের কর্মকর্তা বহিষ্কৃত হয়েছিলেন। হকি ফেডারেশন হতে পাঠানো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কার্ডে লেখা হয়েছে ১০ জন ট্রফি গ্রহণ করতে আসবেন। শাস্তিপ্রাপ্তরা আসতে পারবেন না। মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া এই নির্দেশনাকে মোহামেডান অশোভন মনে করেন। তারা অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
